চট্টগ্রাম

১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য দিলেই বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পাবেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম চিড়িয়াখানা

চট্টগ্রাম, ৩১ আগস্ট – প্লাস্টিক বর্জ্য সংগ্রহে শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এখন থেকে ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলে শিক্ষার্থীরা বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পাবেন।

সোমবার জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র ফেলে রাখা প্লাস্টিক সহজে মাটির সঙ্গে মেশে না। এতে মশার প্রজননস্থল তৈরি হওয়ার পাশাপাশি দুর্গন্ধ ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়। শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণের কাজে সম্পৃক্ত করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার সামনে প্লাস্টিক বর্জ্য জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে। সেখানে প্লাস্টিক জমা দিয়ে শিক্ষার্থীরা প্রবেশাধিকার লাভ করবেন।

পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, বসবাসের জন্য পৃথিবী ছাড়া মানুষের অন্য কোনো বিকল্প নেই। তাই এই পরিবেশ রক্ষা করা সবার সম্মিলিত দায়িত্ব।

সভায় কৃষিজমির ওপরের অংশ বা টপসয়েল কেটে ইট তৈরির বিষয়েও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। জেলা প্রশাসক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষিজমির উর্বর মাটি কোনোভাবেই ইট তৈরিতে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে আইন ও বিধিবিধান কঠোরভাবে প্রয়োগ করা হবে। ইট তৈরিতে বিকল্প উৎসের মাটি ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামানসহ পরিবেশ ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language