দক্ষিণ এশিয়া

নেপালে বিধ্বস্ত বিমানের ২১ আরোহীর মরদেহ উদ্ধার

কাঠমুন্ডু, ৩০ মে – নেপালে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ২১ জনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। একজনের মরদেহ গতকাল সোমবার পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। গতকাল নেপালের সেনাবাহিনী এ তথ্য জানায়। গতকাল রবিবার পোখরা থেকে জোমসোমে যাচ্ছিল তারা এয়ারের বিমানটি, কিন্তু উড্ডয়নের ১৫ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটিতে চারজন ভারতীয়, দুজন জার্মান যাত্রী ছিলেন। কর্মীসহ বাকি সব আরোহী ছিল নেপালি।
গতকাল রবিবার দিনভর ব্যর্থ অনুসন্ধান অভিযানের পর আজ সোমবার আবার অভিযান শুরু হয়। নেপালি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, বিমানটির বিভিন্ন অংশ ও ধ্বংসাবশেষ পর্বতের ঢালে ছড়িয়ে-ছিটিয়ে আছে। এ ছাড়া বিমানটির একটি পাখার টুকরায় রেজিস্ট্রেশন নম্বর ৯এন-এইটি স্পষ্ট দেখা যাচ্ছিল।

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল বলেন, ‘২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনের লাশ উদ্ধারে অভিযান চলছে। ’

দুর্ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ জায়গায় কাজ করা খুবই কঠিন। বিমানটির বিভিন্ন অংশ টুকরা টুকরা পাহাড়ের ঢালে ছড়িয়ে-ছিটিয়ে আছে। ’

সেনাবাহিনী, পুলিশ, স্থানীয়দের সমন্বয়ে প্রায় ৬০ জন উদ্ধার অভিযানে অংশ নেয়। তাদের মধ্যে বেশির ভাগই কয়েক মাইল হেঁটে দুর্ঘটনাস্থলে পৌঁছান।

বেসামরিক বিমান কর্তৃপক্ষ বলছে, থাসাং পৌরসভার সানোসওয়ার এলাকার সাড়ে ১৪ হাজার ফুট ওপরে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

পোখরা বিমানবন্দরের মুখপাত্র দেব রাজ সুবেদী বলেন, ‘আমাদের হাতে আসা ছবি পর্যালোচনার পর ধারণা করছি, বিমানে আগুন ধরেনি। বিমানের সব কিছু ছড়িয়ে-ছিটিয়ে আছে। সম্ভবত পাহাড়ের কোনো বড় পাথরের সঙ্গে ধাক্কা লেগেছিল বিমানটির। ’

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/৩০ মে ২০২২


Back to top button
🌐 Read in Your Language