গাজীপুর

গাজীপুরে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুর, ১৩ নভেম্বর – গাজীপুরের শ্রীপুর উপজেলায় শাহানাজ আক্তার (২৭) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মদিনানগর গ্রামের লিয়াকত আলীর মেয়ে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের (মোল্লাপাড়া) সাইদুল ইসলামের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি খোন্দকার ইমাম হোসেন বাড়ির মালিক সাইদুল ইসলামের বরাত দিয়ে জানান, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ভাড়াটিয়া সাইদুল ইসলামের বাড়িতে ঘর ভাড়া নেয়ার জন্য আসে। শাহনাজের পাশের রুম ভাড়া নেয়ার জন্য অজ্ঞাত ওই ব্যক্তি রুম দেখতে এসে শাহনাজের ঘরের দরজা খোলা দেখতে পায়। এ সময় শাহনজাকে ঘরের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়িওয়ালাকে জানায়।

পরে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনে লাশের গায়ে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের ছোট ভাই শাওন আহমেদ জানান, সকালে বাড়ির মালিক ফোন করে তাকে বোনের আত্মহত্যার খবর জানায়। তবে কি কারণে তার বোন আত্মহত্যা করেছে তা বলতে পারেননি। গত কয়েকদিন আগে বাড়িতে ফোন দিয়ে বলেছিল তার কিছু টাকার প্রয়োজন। তার বোন সাইদুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৩ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language