জাতীয়

বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ডে দুই শ্রমিকের মৃত্যু

ঢাকা, ২৫ মে – রাজধানীর পূর্ব বাড্ডা কবরস্থান রোডে একটি চিপস কারখানায় অগ্নিকাণ্ডে দুই শ্রমিক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার মাহমুদুল হাসান ও মোস্তফা মিয়া।

বাড্ডা থানার উপ পরিদর্শক মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে সোমবার ভোর সোয়া ৪টার দিকে তারা কারখানা থেকে মরদেহ দুটি উদ্ধার করেন।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃতদের সহকর্মী রাকিবুল ইসলাম জানান ওই ভবনের নিচে আসবাবপত্রের কারখানা এবং উপরে চিপসের কারখানা ছিল।

রাতে কাজ শেষে ১০ জন শ্রমিক কারখানাতেই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক তিনটার দিকে হঠাৎ আগুন লাগলে আটজন বের হয়ে আসতে পারলেও মাহমুদুল ও মোস্তফা ভেতরে আটকা পড়েন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এস এম/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language