আশুলিয়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

গাজীপুর, ৮ মে – সাভারের আশুলিয়ায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ ইলিয়াস নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শিক্ষক মোহাম্মদ ইলিয়াস ময়মনসিংহ জেলার পূর্বতলা থানার কুকলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ভুক্তভোগী শিশুটির স্বজনরা জানান, শিশুটি তার চাচার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করে। গত বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে শিশুটি অস্বাভাবিকভাবে কান্নাকাটি করতে থাকে।
পরবর্তীতে স্বজনরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলে। বিষয়টি জানার পর স্বজনরা দ্রুত মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে আটক করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত শিক্ষককে শুক্রবার আদালতে পাঠানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এস এম/ ৮ মে ২০২৬









