ক্রিকেট

ভারতীয় বোলারদের নাচিয়ে ছাড়ল ইংল্যান্ড

পুনে, ২৭ মার্চ – ভারতের দেওয়া ৩৩৭ রানের লক্ষ্যটা সহজেই পেরিয়ে গেল ইংল্যান্ড। দুর্দান্ত এক সেঞ্চুরি এল জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। বেন স্টোকস খেললেন ৯৯ রানের ইনিংস। শুক্রবার (২৬ মার্চ) পুনেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। তাতে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাল সফরকারীরা। রবিবার হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে রূপ নিল। রান তাড়া করতে নামা ইংলিশদের পক্ষে দুর্দান্ত স্টোকস তার ৫২ বলের ইনিংসে হাঁকান ৪ চার ও ১০ ছক্কা। বেয়ারস্টো ১১২ বলে খেলেন ১২৪ রানের ইনিংস।

আরও পড়ুন : বদলালো না ভাগ্য, ওয়ানডেতে হোয়াইটওইয়াশ বাংলাদেশ

দ্বিতীয় উইকেটে এই দুজন ১১৭ বলে ১৭৫ রান যোগ করেন। ৬.৩ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে ইংলিশরা। এর আগে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ইনজুরির কারণে ওয়েন মরগান না থাকায় এ ম্যাচে ইংলিশদের নেতৃত্ব দেন জস বাটলার।

প্রথম থেকে মন্থর গতিতে খেলা শুরু করেন ভারতের দুই ওপেনার। তবে শিখর ধাওয়ান ৪ রান করে ফেরেন টপলের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে। রোহিত শর্মা ২৫ বলে ২৫ রান করে আউট হন স্যাম কারেনের বলে রশিদের হাতে ক্যাচ দিয়ে।

অধিনায়ক বিরাট কোহলি এবং লোকেশ রাহুল এরপর ইনিংস সামাল দেন। ৭৯ বলে ৬৬ রান করেন কোহলি। রাহুল ১১৪ বলে করেন ১০৮ রান। ৪০ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিশভ পন্ত। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়ার ব্যাটে ভর করে ৩৩৬ রান তোলে ভারত।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ২৭ মার্চ

Back to top button
🌐 Read in Your Language