নোয়াখালী

নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে মেম্বার প্রার্থীসহ আহত ১০

নোয়াখালী, ২৬ মার্চ – ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে জাহেদ উদ্দিন নামে এক মেম্বার প্রার্থীসহ ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত জাহেদ উদ্দিনকে রাতেই মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার তমরদ্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহেদ উদ্দিন ও এমরান উদ্দিনের সমর্থকদের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়।

আরও পড়ুন : আমাকে হত্যা করে তারা নীল নকশা বাস্তবায়ন করবে: কাদের মির্জা

এসময় এমরানের সমর্থকরা জাহেদ উদ্দিনের মুখে ও মাথায় আঘাত করে। পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়।

এ ঘটনায় আহতরা হলেন- মিরাজ উদ্দিন (৩৬), নিপুন (২৬) মোছলে উদ্দিন (৩০), দিদার (৪০), মেহারাজ (৩০), রাহেদ (২৮), তুহিন (৩৩), মিঠু (২৬), ফারূখ (২৯) ও সুজন (২৫)। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, রাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা দিতে বলা হয়েছে। তবে এখনো কেউ কোনো এজহার দেয়নি।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language