জাতীয়

দুর্গাপূজার নিরাপত্তায় ঢাকায় ২১০০ পুলিশ সদস্য মোতায়েন করবে ডিএমপি

ডিএমপি

ঢাকা,১৬ অক্টোবর-শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শুক্রবার (১৬ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য যেকোনো আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, শারদীয় দুর্গাপূজা অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছর রাজধানীতে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করা হয়। পূজাকে ঘিরে রাজধানীতে সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। শারদীয় দুর্গোৎসব যাতে ঢাকা মহানগরে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সে জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।

পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিভিন্ন বিভাগের পুলিশ সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে কমিশনার বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিয়মিত দায়িত্বের পাশাপাশি পুলিশের বিভিন্ন পর্যায়ের মোট ২ হাজার ১০০ সদস্য রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন। তাঁরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। পূজামণ্ডপের আশপাশে নিয়মিত টহল দেওয়া, সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর সতর্ক নজর রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট সব সময় প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জনের শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পথ, জনসমাগম ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সংশ্লিষ্ট সভার সঙ্গে সমন্বয় করে শোভাযাত্রা নির্বিঘ্ন রাখা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এস এম/ ১৬ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language