জাতীয়

খেলাপি ঋণ আদায়ে এডিআর পদ্ধতিতে ৫ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

ঢাকা,২৯ নভেম্বর-খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম দ্রুত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির আওতায় পাঁচটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২-এর সার্কুলার লেটার নম্বর-১৯-এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), হুদহুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল’ (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড, মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড এবং সিটিজেন্স অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০ আগস্ট জারি করা সার্কুলার নম্বর-৪-এর মাধ্যমে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রকাশ করা হয়। পরে ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন চাওয়া হয়।

এ প্রক্রিয়ায় মোট ২৩টি আবেদন জমা পড়ে। বাংলাদেশ ব্যাংক আবেদনগুলো যাচাই-বাছাই করে এবং নীতিমালার শর্ত অনুযায়ী মূল্যায়নের পর ন্যূনতম যোগ্যতা অর্জনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের আগে জারি করা এডিআর-সংক্রান্ত নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে বিদ্যমান পক্ষগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তালিকাভুক্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে।

এ ছাড়া তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যস্থতাকারী, ঋণগ্রহীতা ও ঋণদাতার মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির শর্ত অনুযায়ী খেলাপি ঋণের বিপরীতে মামলা দায়েরের আগে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যাবে। একইভাবে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় দায়ের করা মামলার ক্ষেত্রেও এ পদ্ধতি অনুসরণ করা যাবে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের ফলে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমবে এবং ঋণ আদায়ের কার্যক্রম আরও দ্রুত হবে।

মধ্যস্থতা কার্যক্রমের পরিসর বাড়ানো এবং তালিকায় আরও বেশি যোগ্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শিগগিরই নতুন বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তালিকাভুক্তির দ্বিতীয় পর্যায় শুরু করা হবে।

এস এম/ ২৯ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language