দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ

ঢাকা,১৩ নভেম্বর-দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে বর্তমানে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে। আসন্ন রবি মৌসুমে সারের পর্যাপ্ত মজুতের পাশাপাশি প্রকৃত চাহিদা নিরূপণ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করে কৃত্রিম সংকট রোধে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সামগ্রিক কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা সুরক্ষিত রাখতে মাঠপর্যায়ে জেলা প্রশাসক ও উপপরিচালকদের সমন্বিত উদ্যোগ, প্রকৃত চাহিদার ভিত্তিতে সঠিক পরিকল্পনা এবং মজুত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি বলে মনে করছে কৃষি মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে রাসায়নিক সারের মজুত অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে।
গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে সারের মোট মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। চলতি বছর তা ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশে ইউরিয়া সার ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন, টিএসপি ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন, ডিএপি ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন এবং এমওপি সার ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন মজুত রয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি সার ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে। এ ছাড়া চলতি নভেম্বর মাসে কৃষকদের চাহিদা মেটাতে মোট ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।
সারের চাহিদা ও মজুত ব্যবস্থাপনা সঠিক রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বেশ কিছু নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, চলমান মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের চাহিদা অনুযায়ী বরাদ্দ সঠিকভাবে উত্তোলন নিশ্চিত করা। আগের চাহিদা, বরাদ্দ ও মজুতের তুলনামূলক বিশ্লেষণ করে সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলাগুলো দ্রুত চিহ্নিত করা। আসন্ন রবি মৌসুমের প্রকৃত চাহিদা নির্ধারণ করে আগাম মজুত ও সরবরাহ পরিকল্পনা গ্রহণ করা। উপপরিচালকদের মাঠপর্যায়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে যথাসময়ে তথ্য পাঠাতে হবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত বা কম চাহিদার তথ্য পাঠানো যাবে না।
সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রতিটি ডিলারের দোকানে মূল্যতালিকা ও মজুতের তথ্য দৃশ্যমান রাখা।
মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি, অতিরিক্ত দাম আদায় এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি নিয়মিত অভিযান চালাতে হবে। প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহার করতে হবে। একই সঙ্গে শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার রোধে কঠোর নজরদারি রাখতে হবে।
জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন করে সেসব সভার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে সারের মজুত ও বিক্রির প্রতিবেদন জেলায় পাঠাতে হবে।
সার ব্যবস্থাপনায় কোনো ধরনের সমস্যা বা সীমাবদ্ধতা দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও উপপরিচালকদের সমন্বিত প্রচেষ্টায় সারের অভাবে কোনো কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এসব বিষয়ে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বলেন, আসন্ন রবি মৌসুমে দেশের কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মাঠ প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। গত বছরের তুলনায় এ বছর সারের মজুত পরিস্থিতি অনেক ভালো এবং বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে।
তিনি বলেন, কৃষকদের মধ্যে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা কৃত্রিম সংকটের আশঙ্কা তৈরি না হয়, সে জন্য উপপরিচালক ও মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার সংগ্রহ করে বাড়িতে মজুত না রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সব কৃষকই প্রয়োজনীয় সার পাবেন। কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং প্রকৃত কৃষকরা যাতে সময়মতো সার পান, তা নিশ্চিত করতে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
আবদুর রহিম বলেন, সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারা সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন এবং মাঠ প্রশাসনের কার্যক্রম সমন্বয় করবেন।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, আসন্ন রবি মৌসুমে দেশের কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। স্বস্তির বিষয় হলো, গত বছরের তুলনায় চলতি মৌসুমে সারের মজুত পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক এবং বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে।
তিনি বলেন, কৃষকদের নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোর নজরদারি বজায় রাখছে। কোনো অবস্থাতেই কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করা যাবে না। এ বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষি সচিব বলেন, কঠোর নজরদারির কারণে এবারও আমনের বাম্পার ফলন হয়েছে, যা আনন্দের বিষয়।
তিনি বলেন, দেশের উত্তরাঞ্চল ফসলের কেন্দ্রস্থল। দেশের খাদ্যনিরাপত্তার বড় উৎস উত্তরবঙ্গ। তাই ফসলের নিবিড়তার বিষয়টি বিবেচনায় নিয়ে আসন্ন রবি মৌসুমে কৃষকদের কাছে সারের সরবরাহ নির্বিঘ্ন রাখতে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬টি জেলায় কৃষি মন্ত্রণালয় থেকে ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা মনিটরিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সচিব বলেন, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা, সময়মতো সার উত্তোলন এবং সমন্বিত পদক্ষেপের ফলে রবি মৌসুমে দেশে সারের কোনো ঘাটতি হবে না। কৃষকরা ন্যায্যমূল্যে সময়মতো সার পাবেন।
এস এম/ ১৩ নভেম্বর ২০২৬







