ধীরগতির ওভার-রেটের কারণে পাকিস্তান ক্রিকেট দলকে ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি

ইসলামাবাদ,০২ নভেম্বর-লাহোরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ধীরগতির ওভার-রেটের কারণে পাকিস্তানকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির এলিট প্যানেল অব ম্যাচ রেফারিজের সদস্য জেফ ক্রো এই শাস্তির আদেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায়, অতিরিক্ত সময়ের সুযোগ দেওয়ার পরও, স্বাগতিক পাকিস্তানকে এই জরিমানা করা হয়।
মাঠের আম্পায়ার আহসান রাজা ও ওয়েইন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজ পাকিস্তানের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল যতটি ওভার কম বল করে, প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি ধীরগতির ওভার-রেটের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন হয়নি।
ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়েছে পাকিস্তান।
এস এম/ ০২ নভেম্বর ২০২৬







