ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা

ঢাকা,০৩ নভেম্বর-আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
এদিকে তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার বিকেলে কয়েক হাজার শ্রমিকের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার বিভিন্ন কারখানা থেকে শ্রমিকেরা বেরিয়ে আসেন। পরে তাঁরা শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করলে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে বিকেল সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক জড়ো হন। পরে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এর আগে সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সাভার-আশুলিয়া শিল্প পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, তাঁর আওতাধীন আট শতাধিক কারখানার মধ্যে শতাধিক কারখানা বন্ধ রয়েছে। নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকার কিছু কারখানা ছাড়া সাভারের অন্যান্য এলাকার বেশির ভাগ কারখানায় কাজ চলছে। কিছু কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে সোমবারও পোশাকশ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিলেন।
এস এম/ ০৩ নভেম্বর ২০২৬







