সৌদি আরবের দাম্মাম রুটে ৭ নভেম্বর থেকে ফ্লাইট চালু, স্থগিত রিয়াদ রুট

ঢাকা,০৩ নভেম্বর-ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার কারণে সৌদি আরবগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট আবার চালু হচ্ছে। তবে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।
দাম্মাম রুটে ৭ নভেম্বর থেকে নিয়মিত ফ্লাইট চালু হবে। তবে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
অন্যদিকে, রিয়াদগামী যাত্রীদের বড় একটি অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় এ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না। এ কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এস এম/ ০৩ নভেম্বর ২০২৬







