২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১০ জন

ঢাকা,০৩ নভেম্বর-গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৯ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ১০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৯৪৩ জন, বরিশাল বিভাগের ২১৯ জন, চট্টগ্রাম বিভাগের ২৪৫ জন, খুলনা বিভাগের ২৩৫ জন, ময়মনসিংহ বিভাগের ৬০ জন, রাজশাহী বিভাগের ২১৯ জন, সিলেট বিভাগের ২৪ জন এবং রংপুর বিভাগের ৬৫ জন রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩৪ হাজার ৫৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৮৭৬ জন ডেঙ্গু রোগী।
এস এম/ ০৩ নভেম্বর ২০২৬







