জাতীয়

নারী কর্মীদের সুরক্ষায় মধ্যপ্রাচ্যে সেফ হোম ও আইনি সহায়তা জোরদার করছে সরকার

নারী কর্মীদের সুরক্ষা

ঢাকা, ৪ সেপ্টেম্বর – বিদেশে কর্মরত নারী কর্মীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সৌদি আরবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দুটি সেফ হোম পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য মোছা. সানজিদা ইয়াসমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে ১৩টি দেশের ২২টি আইন সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি রয়েছে। পর্যায়ক্রমে আরও দেশে এই আইনি সুবিধা সম্প্রসারণ করা হবে। প্রতিমন্ত্রী সংসদে জানান, বাংলাদেশি নারীরা প্রধানত সৌদি আরব, ওমান, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছেন। হংকংয়ের মতো দেশগুলোতেও হাউসকিপিং ও কেয়ারগিভিং খাতে তারা নিয়োজিত।

অতীতে নারী কর্মীদের ওপর নিগ্রহের ঘটনা ঘটলেও বর্তমানে তা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। কর্মীরা কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি কল সেন্টারে অভিযোগ জানাতে পারছেন। ওমানেও একটি পৃথক সেফ হোম চালু আছে। বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ওমানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এটি বাস্তবায়িত হলে বাংলাদেশিদের জন্য সেখানে নতুন কাজের সুযোগ তৈরি হবে। এছাড়া কাতারের চাহিদা অনুযায়ী পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ কর্মী পাঠানোর বিষয়েও সমঝোতা হয়েছে। গত ছয় মাসে জর্ডানে বোয়েসেলের মাধ্যমে ৭ হাজার ৬৮৩ জন গার্মেন্টস কর্মী পাঠানো হয়েছে। দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানিতে ৬০০ চালকের নিয়োগ সম্পন্ন হয়েছে এবং আরও চাহিদা আসছে।

সৌদি আরবে অসাধু চক্রের হাতে কর্মীদের জিম্মি হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, সৌদি আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ দূতাবাস সমন্বিতভাবে কাজ করছে। এই অসাধু চক্রের সঙ্গে কোনো বাংলাদেশির সংশ্লিষ্টতা থাকলে দেশে ফেরার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে ২০১৩ সালের ব্যয় কাঠামোটি বর্তমান পরিস্থিতি ও ডলারের মূল্য বিবেচনায় নিয়ে হালনাগাদ করা হচ্ছে। প্রতিটি নিয়োগের ক্ষেত্রে দূতাবাস ও বিএমইটির মাধ্যমে যাচাই প্রক্রিয়া কঠোর করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এস এম/ ৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button