মধ্যপ্রাচ্য

ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: খুজেস্তানে নিহত ৭, আহত ৮

খুজেস্তান

তেহরান, ২ সেপ্টেম্বর – ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের তিনটি পৃথক স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে প্রদেশটির নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খুজেস্তানের তিনটি ভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। এর আগে দেশটির হরমুজ প্রণালী সংলগ্ন হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ চারজন নিহত হন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজে চলাচলকারী জাহাজ এবং মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিল।

সেই হামলার চেষ্টা নস্যাৎ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে এই হামলার প্রতিক্রিয়ায় ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে চারজনকে হত্যার প্রতিবাদে ইরাকেও মার্কিন সেনাদের ওপর বিপ্লবী গার্ড বাহিনী আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে।

এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button