সাবেক আইজিপি বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

ঢাকা, ৩ সেপ্টেম্বর – সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। বিভিন্ন গণমাধ্যমে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর প্রকাশের পর সত্যতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ইন্টারপোলের কাছে একটি ই-মেইল পাঠানো হয়। সেখানে বেনজীর আহমেদ বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে। সম্প্রতি কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, দুবাই থেকে কারামুক্ত হওয়ার পর গত ১৭ আগস্ট সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন বেনজীর আহমেদ। সেন্ট লুসিয়ায় তার পাসপোর্ট এবং যৌথ বিনিয়োগ থাকার তথ্যও সেখানে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রমতে, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে জামিন পাওয়ার পর ৩০ জুলাই কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বিবেচনা করে তিনি সেন্ট লুসিয়াকে বেছে নেন বলে জানা গেছে। এখন আন্তর্জাতিক পুলিশ সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬







