জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত

ঢাকা, ৩ সেপ্টেম্বর – জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়। গয়েশ্বর চন্দ্র রায়কে সভাপতি করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ এবং মোহাম্মদ শহীদুল ইসলামসহ আরও আটজন সদস্য। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ সেলিম ভূঁইয়া। কমিটির সদস্যদের মধ্যে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উল্লেখযোগ্য।
রকিবুল ইসলামকে সভাপতি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হয়েছে। এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম এবং হাবিবুল ইসলামসহ অন্যরা। আবুল কালাম আজাদ সিদ্দিকীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
এই কমিটিতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ আটজন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কলিম উদ্দিন আহমেদ। মো. আমানউল্লাহ আমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জি কে গউছ। এছাড়া নাসের রহমানকে ভূমি মন্ত্রণালয় এবং রফিকুল ইসলাম জামালকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। সেলিমা রহমানকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্যরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬







