কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: নিখোঁজ ১

কক্সবাজার, ৩ সেপ্টেম্বর – কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দেলোয়ার নামে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ১৪ জন মাঝিমাল্লার মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ফোরকান নামে একজন এখনো নিখোঁজ রয়েছেন।
গত ১ সেপ্টেম্বর রাত ৩টার দিকে কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের অলিপাড়া এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা দেয় ট্রলারটি। পরদিন ২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে গভীর সাগরে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়ে ডুবে যায়।
দুর্ঘটনার পর সাগরে থাকা অন্য একটি মাছ ধরার নৌকার সহযোগিতায় ১৩ জন জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে কুতুবদিয়ার গুন্নু বদ্দারের নৌকায় অবস্থান করছেন। নিখোঁজ জেলে ফোরকানের বাড়ি সতর উদ্দিন এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ট্রলারটির মালিক কলিম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে তার ট্রলারটি সাগরে ডুবে গেছে এবং অধিকাংশ মাঝিমাল্লাকে উদ্ধার করা সম্ভব হলেও ফোরকান নামের একজন এখনো নিখোঁজ। তাকে উদ্ধারের জন্য সাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬







