দক্ষিণ এশিয়া

দিল্লিতে ভারী বৃষ্টিতে রেড অ্যালার্ট: বিপর্যস্ত জনজীবন ও বিমান চলাচল

দিল্লি, ২৫ আগস্ট – ভারতের রাজধানী দিল্লিতে টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবারের পর মঙ্গলবারও বৃষ্টির ধারা অব্যাহত থাকায় দিল্লির আবহাওয়া অধিদপ্তর বা আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে যে বজ্রপাত, বজ্রঝড় এবং দমকা হাওয়াসহ আরও ভারী বৃষ্টি হতে পারে।

সোমবারের প্রবল বৃষ্টিতে দিল্লির প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমর সমান পানি জমার ফলে যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে। এনডিটিভি জানিয়েছে, বৃষ্টির কারণে মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

পরবর্তী কয়েক ঘণ্টায় দিল্লির বিভিন্ন অংশে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সতর্কবার্তা নর্থ দিল্লি, নিউ দিল্লি, সাউথ দিল্লি এবং শাহদারাসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকার জন্য প্রযোজ্য করা হয়েছে। বৈরী আবহাওয়ার সরাসরি প্রভাব পড়েছে বিমান চলাচলেও।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার খারাপ আবহাওয়ার কারণে প্রায় ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। এর মধ্যে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। ফ্লাইটগুলো জয়পুর, চণ্ডীগড় এবং লখনৌ বিমানবন্দরে অবতরণ করানো হয়। তবে মঙ্গলবার বিমান চলাচল এখনো স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত বৃষ্টির কারণ ব্যাখ্যা করে জানিয়েছেন যে উত্তর দিক থেকে আসা শুষ্ক বাতাস এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পযুক্ত বাতাসের সংঘর্ষের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে দিল্লিতে শক্তিশালী বজ্রঝড় তৈরি হচ্ছে।

দিল্লির পাশ্ববর্তী শহর গুরগাঁওয়ের পরিস্থিতিও বেশ নাজুক। সেখানে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পানিতে ডুবে যাওয়ায় প্রশাসনিক নির্দেশে অফিসগুলোকে বাড়ি থেকে কাজ করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ২৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language