জাপানের প্রধানমন্ত্রীর নিঃসঙ্গ জীবন: তেলাপোকার সঙ্গে সখ্য ও পুনর্জন্মের বিশ্বাস

টোকিও, ২৫ আগস্ট – জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার সরকারি বাসভবনের দীর্ঘ ও একাকী কর্মঘণ্টার বিচিত্র অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি ক্ষমতার শীর্ষে পৌঁছানোর পরও ব্যক্তিগত জীবনের নিঃসঙ্গতার কথা অকপটে স্বীকার করেন।
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা জানান, বাসভবনে কোনো অলৌকিক বা ভূতের উপদ্রব না থাকলেও একটি তেলাপোকার দেখা পেয়েছিলেন তিনি। তবে পতঙ্গটিকে মেরে না ফেলে বরং সেটির সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। এর পেছনে তার দীর্ঘদিনের লালিত পুনর্জন্ম সংক্রান্ত বিশ্বাস কাজ করেছে।
৬৫ বছর বয়সী এই এলডিপি নেতা গত ডিসেম্বরে টোকিওতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ওঠেন। আন্তর্জাতিক অঙ্গনে কঠোর পরিশ্রমী ও দক্ষ কূটনীতিক হিসেবে পরিচিত তাকাইচি ইতিমধ্যে বিশ্বনেতাদের সঙ্গে নানা দ্বিপাক্ষিক আলোচনা সফলভাবে সম্পন্ন করেছেন।
তবে তার ব্যক্তিগত জীবনে ওসামু তেজুকার বিখ্যাত মানগা সিরিজ ফায়ারবার্ড এর গভীর প্রভাব রয়েছে। এই সিরিজের জীবন দর্শন থেকেই তিনি তেলাপোকাটিকে সরিয়ে দেওয়ার বদলে নিজ থেকে চলে যাওয়ার সুযোগ দিয়েছিলেন। পরবর্তীতে তার কর্মীরা বিষয়টি জানতে পেরে তেলাপোকাটি সরিয়ে ফেললে তিনি এক ধরনের শূন্যতা ও কষ্ট অনুভব করেছিলেন বলে জানান।
কাজের প্রচণ্ড চাপের মাঝেও তাকাইচি মূলত সরকারি বাসভবন থেকেই দাপ্তরিক কাজ পরিচালনা করতে পছন্দ করেন। এতে নিরাপত্তা দলের ওপর বাড়তি চাপ কমে বলে তিনি মনে করেন। প্রতিদিন মাত্র কয়েক ঘণ্টা ঘুমানোর অভ্যাস থাকলেও কদাচিৎ পাঁচ ঘণ্টা ঘুমানোর সুযোগ পান তিনি।
তার স্বামী সাবেক রাজনীতিবিদ হয়েও বর্তমানে প্রধানমন্ত্রীর রান্নাবান্নার দায়িত্ব সামলান। তবে কাজের প্রতি এই একাগ্রতার মাঝেও সাম্প্রতিক জনমত জরিপে তার জনপ্রিয়তা কিছুটা হ্রাসের ইঙ্গিত পাওয়া গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও উত্তরাধিকার সংক্রান্ত কিছু নীতিমালার কারণে তার সমর্থনের হার বর্তমানে ৪১ শতাংশে নেমে এসেছে।
এস এম/ ২৫ আগস্ট ২০২৬









