দক্ষিণ এশিয়া

যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মাঝে তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনীর

ইসলামাবাদ, ২৫ আগস্ট – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা এবং পাল্টাপাল্টি হুমকির মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনীরের তেহরান সফর আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সফরের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টেলিফোনে আলাপচারিতার বিষয়টি এই সফরকে ভিন্ন মাত্রা দিয়েছে।

পর্যবেক্ষকদের ধারণা, আসিম মুনীর হয়তো ওয়াশিংটনের কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে তেহরানে পৌঁছেছেন অথবা দুই দেশের মধ্যে ভেঙে পড়া শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে পাকিস্তান নতুন কোনো উদ্যোগ নিয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তেহরানের পাশে দাঁড়ানো দেশগুলোর ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার হুঁশিয়ারির মধ্যেই এই উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হচ্ছে।

একটি প্রতিনিধিদল নিয়ে গত সোমবার তেহরানে পৌঁছান আসিম মুনীর। তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মহসেন রেজাইয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি এবং গত জুনে স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারক বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গেও বৈঠক করেন আসিম মুনীর। গালিবাফ অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র বারবার সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। সফরের অংশ হিসেবে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও কথা বলেন।

এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। গত জুনের সমঝোতা স্মারক তৈরিতেও ইসলামাবাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আসিম মুনীরের এই সফর শেষ পর্যন্ত দুই দেশের মধ্যকার উত্তেজনা কমিয়ে কোনো বাস্তব সমাধান নিয়ে আসে কি না, সেটিই এখন দেখার বিষয়।

এস এম/ ২৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language