বাগেরহাট

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলার থেকে ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বাগেরহাট, ২৫ আগস্ট – দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে বঙ্গোপসাগরে টহল কার্যক্রম পরিচালনার সময় নৌবাহিনীর জাহাজ বানৌজা কপোতাক্ষ মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছে ভাসমান অবস্থায় মাছ ধরার নৌকা এফবি আল-আমিন এবং এর ১৬ জন জেলেকে উদ্ধার করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত রবিবার রাতে টহল দেওয়ার সময় নৌবাহিনীর জাহাজ কপোতাক্ষ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার নৌকার ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার তথ্য পায়। এর প্রেক্ষিতে নৌবাহিনীর জাহাজটি রাতের আঁধারেই উদ্ধার কার্যক্রম শুরু করে।

পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেই নৌকাটিকে মোংলা ফেয়ারওয়ের কাছে শনাক্ত করা হয়। নৌবাহিনীর জাহাজ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ১৬ জন জেলেসহ নৌকাটি উদ্ধার করে। উদ্ধার অভিযানের সময় নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

উদ্ধারকৃত জেলেদের থেকে জানা গেছে, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে তারা মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিলেন। এর দুই দিন পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং তারা তিন দিন ধরে সমুদ্রে ভাসছিলেন।

পরবর্তীতে সাগরের উত্তাল ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনীর জাহাজ নৌকাটিকে টোয়িং করে সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্টে নিরাপদে নিয়ে আসে এবং কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া নৌবাহিনীর দায়িত্বশীলতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।

এস এম/ ২৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language