ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকির ভিডিও নিয়ে তদন্তে মার্কিন সিক্রেট সার্ভিস

ওয়াশিংটন, ২৫ আগস্ট – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি সম্বলিত একটি ভিডিও ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস। সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং জানান যে, সংস্থাটি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে।
তাদের সুরক্ষাধীন ব্যক্তিদের প্রতি আসা যেকোনো সম্ভাব্য হুমকিকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং বিস্তারিত তদন্ত পরিচালনা করেন। প্রায় তিন মিনিটের দীর্ঘ ওই ভিডিওর শুরুতে ইংরেজিতে জিজ্ঞাসা করা হয় ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে।
ভিডিওটিতে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারসহ ব্যারনের যাতায়াত রয়েছে এমন বেশ কিছু স্থানের গ্রাফিক চিত্র প্রদর্শিত হয়। ভিডিওর শেষ অংশে ব্যারনকে হত্যার জন্য এক কোটি ডলার পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি সপ্তাহান্তে এই ভিডিওটি প্রচার করে।
মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সূত্রের দাবি অনুযায়ী, এটি ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রচারিত ধারাবাহিক হুমকির একটি অংশ। এর আগে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হলেও ব্যারনকে সরাসরি এভাবে লক্ষ্য করার ঘটনা এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে।
২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করে আসছে। সম্প্রতি ইরানে ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণার পোস্টারও প্রকাশ্যে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এস এম/ ২৫ আগস্ট ২০২৬









