ইউক্রেন যুদ্ধে স্টারলিংকের বিকল্প হিসেবে নিজস্ব স্যাটেলাইট আনছে রাশিয়া

মস্কো, ৫ আগস্ট – ইউক্রেন যুদ্ধে সামরিক সক্ষমতা জোরদারে ড্রোনসহ আধুনিক যুদ্ধাস্ত্রের যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে নতুন প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাশিয়া। স্টারলিংকের সেবা বন্ধ হয়ে যাওয়ার পর সৃষ্ট যোগাযোগ সংকট মোকাবিলায় দেশটির প্রযুক্তি খাত এখন নতুন উদ্ভাবন নিয়ে মাঠে নেমেছে।
এই উদ্যোগে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি রাশিয়ার বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে রাসভেত-৩ নামক নতুন স্যাটেলাইট নেটওয়ার্ক এবং ভোলনা কুপোল গ্যারান্ট নামক ডেডিকেটেড জ্যামিং সিস্টেম চালুর মাধ্যমে নিজেদের কৌশলগত দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে মস্কো।
যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনীয় বাহিনীর মতো রুশ সেনারাও ইলন মাস্কের স্টারলিংক ব্যবস্থার ওপর আংশিক নির্ভরশীল ছিল। তবে চলতি বছরের শুরুতে কড়া বিধিনিষেধের মাধ্যমে রাশিয়াকে এই সেবা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়। এর বিকল্প হিসেবে রুশ বাহিনী ড্রোনভিত্তিক মেশ নেটওয়ার্ক ব্যবহারের চেষ্টা করলেও সেখানে সংযোগের ধীরগতি ও শত্রুপক্ষের শনাক্তকরণের ঝুঁকি থেকে যায়।
এই সংকটের স্থায়ী সমাধানে বিউরো ১৪৪০ নামক একটি বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। আইকেএস হোল্ডিংয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠানের তৈরি রাসভেত-৩ স্যাটেলাইট নেটওয়ার্কটি উচ্চ কক্ষপথ থেকে দ্রুততম সময়ে তথ্য আদান-প্রদান করতে সক্ষম।
সরকারি ও বেসরকারি শতকোটি ডলারের যৌথ বিনিয়োগে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো ২০২৬ সালের মধ্যে ১৫৬টি উপগ্রহ কক্ষপথে স্থাপন করা। এটি পূর্ণাঙ্গভাবে সক্রিয় হলে রণক্ষেত্রে স্টারলিংকের বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।
একই সঙ্গে ইউক্রেনীয় ড্রোনের আক্রমণ প্রতিহত করতে এবং তাদের ব্যবহৃত স্টারলিংক সংযোগ বিচ্ছিন্ন করতে রুশ বাহিনী ভোলনা কুপোল গ্যারান্ট নামক একটি বিশেষ জ্যামিং ব্যবস্থা যুক্ত করেছে। ক্রিমিয়াভিত্তিক বেসরকারি প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান রসিস্কি কুপোল এই স্যাটেলাইট বিধ্বংসী জ্যামারটি তৈরি করেছে।
আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে সরাসরি মাঠপর্যায়ের কমান্ডারের কাছে এই প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে। এতে আটটি মোটরচালিত প্যারাবোলিক ডিশ অ্যান্টেনাকে ব্যবহার করে নিম্ন কক্ষপথের স্টারলিংক স্যাটেলাইটগুলোকে ট্র্যাক করা হয় এবং প্রায় ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সিগন্যাল জ্যাম করা সম্ভব হয়।
যুদ্ধের মাঠে রুশ বাহিনীর জন্য এই প্রযুক্তিগুলো নতুন সম্ভাবনা তৈরি করেছে যা রাশিয়ার বেসরকারি খাতের দ্রুত সংকট সমাধানের সক্ষমতাকে তুলে ধরে।
এস এম/ ৫ আগস্ট ২০২৬









