উত্তর আমেরিকা

মুদ্রার দরপতনে কানাডার বাণিজ্য উদ্বৃত্ত বৃদ্ধি

অটোয়া, ৬ আগস্ট – কানাডিয়ান ডলার বা লুনির মান কমে যাওয়ার প্রভাবে গত জুন মাসে বিশ্ববাজারের সঙ্গে কানাডার বাণিজ্য উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছে। স্ট্যাটিস্টিকস কানাডা জানিয়েছে, এই সময়ে দেশটির রপ্তানি ও আমদানি উভয় ক্ষেত্রেই সামান্য প্রবৃদ্ধি দেখা গেছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, জুনে পণ্য রপ্তানি আগের মাসের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ এবং আমদানি শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে।

এর ফলে মে মাসের ৩ দশমিক ৭ বিলিয়ন কানাডিয়ান ডলারের বাণিজ্য উদ্বৃত্ত জুনে এসে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মাধ্যমে টানা চতুর্থ মাসের মতো বাণিজ্য উদ্বৃত্ত ধরে রাখল কানাডা। সংস্থাটির তথ্য অনুযায়ী, জুনে প্রতি মার্কিন ডলারের বিপরীতে কানাডিয়ান ডলারের গড় বিনিময় হার ছিল প্রায় ৭১ সেন্ট।

এটি মে মাসের তুলনায় প্রায় ১ দশমিক ৭ সেন্ট কম। ২০২২ সালের অক্টোবরের পর এটিই লুনির সবচেয়ে বড় মাসিক দরপতন। আন্তর্জাতিক বাণিজ্যের অধিকাংশ লেনদেন মার্কিন ডলারে হওয়ায় স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন রপ্তানি মূল্যকে বাড়িয়ে দেখিয়েছে।

তবে মার্কিন ডলারের হিসেবে জুনে প্রকৃত রপ্তানি ২ শতাংশ এবং আমদানি ২ দশমিক ১ শতাংশ কমেছে। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের প্রভাবের কারণে কানাডিয়ান মুদ্রার মান কমে যাওয়া রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।

বিশেষ করে স্বর্ণ ও কপার রপ্তানির প্রবৃদ্ধি এবং ডাটা সেন্টার নির্মাণের সরঞ্জাম আমদানির ফলে দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া বিশ্ববাজারে বাণিজ্যিক পরিধি বাড়াতে ও স্থানীয় ব্যবসায়ীদের সহায়তা দিতে কানাডা সরকার সম্প্রতি স্ট্রাটেজিক এক্সপোর্ট অফিস প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

এস এম/ ৬ আগস্ট ২০২৬


Back to top button