উত্তর আমেরিকা

ট্রাম্প ও হেগসেথের মধ্যে দ্বন্দ্বের খবর নাকচ করল হোয়াইট হাউস

ওয়াশিংটন, ৬ আগস্ট – প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় ও দ্বন্দ্বের খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই অভিযোগ ওঠার পর হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে তা অস্বীকার করেন।

তিনি জানান, পেন্টাগন প্রধানের ওপর প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রয়েছে এবং তারা সুসমন্বয়ের মাধ্যমে কাজ করছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত এক বৈঠকে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের ঘাটতি নিয়ে পিট হেগসেথের কাছে জবাবদিহি চান ট্রাম্প।

ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, মজুত কমে যাওয়ায় ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানো থেকে বিরত থাকেন মার্কিন প্রেসিডেন্ট। তবে প্রেস সচিব ক্যারোলিন লিভিট এই দাবিকে অসত্য হিসেবে অভিহিত করেছেন।

বৈঠকে নিজে উপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি জানান, সংবাদমাধ্যমে যা প্রচার করা হচ্ছে সেরকম কোনো ঘটনাই সেখানে ঘটেনি।

লিভিট আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রীকে পছন্দ করেন এবং হেগসেথ তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। ওয়াশিংটন পোস্টকে আগে থেকেই বিষয়টি জানানো হলেও তারা মনগড়া সংবাদ প্রকাশ করেছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এস এম/ ৬ আগস্ট ২০২৬


Back to top button