আইন-আদালত

ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনের ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন

ঢাকা, ৬ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই কল রেকর্ডটি দাখিল করা হয়। প্রসিকিউশন জানিয়েছে, ২০২৪ সালের ১৩ জুলাই তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরাসরি ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ প্রদান করেন।

ট্রাইব্যুনালে উপস্থাপিত কল রেকর্ড থেকে জানা যায়, ওই দিন ওবায়দুল কাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান জানতে চাইলে সাদ্দাম হোসেন জানান যে প্রায় তিন হাজার শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং রাতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় ওবায়দুল কাদের উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ না করার কারণ জানতে চান এবং সাদ্দামকে হামলার নির্দেশ দেন। সাদ্দাম হোসেন পুলিশের অবস্থানের কথা উল্লেখ করলে কাদের পুনরায় আক্রমণ করার নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য যে, এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। প্রসিকিউশনের তথ্য মতে, মামলার মোট সাতজন আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

গত ২২ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয় এবং ২ আগস্ট সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন। বর্তমানে ট্রাইব্যুনালে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন প্রক্রিয়া চলমান রয়েছে।

এস এম/ ৬ আগস্ট ২০২৬


Back to top button