ফুটবল

রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন আলোচনায় ইতিবাচক অগ্রগতি

মাদ্রিদ, ৬ আগস্ট – রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক মোড় নিয়েছে। বুধবার ক্লাব কর্তৃপক্ষ ও খেলোয়াড়ের প্রতিনিধিদের মধ্যে মাদ্রিদে অনুষ্ঠিত এক বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ইএসপিএন।

রিয়ালের মহাপরিচালক হোসে অ্যাঞ্জেল সানচেজ এবং প্রধান স্কাউট জুনি কালাফাতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ভিনিসিয়ুসের এজেন্ট ফ্রেদেরিকো পেনা ও উপদেষ্টা তাতা সোয়ারেস। বৈঠকের পর উভয় পক্ষই ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে।

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও নতুন চুক্তি না হলে তাকে চলতি মৌসুমেই বিক্রির পরিকল্পনা করছিল রিয়াল। এমন গুঞ্জনের মধ্যেই এই বৈঠক ফুটবল অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইএসপিএনের তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসকে বছরে ২ কোটি ২০ লাখ ইউরো বেতনের প্রস্তাব দিয়েছিল যা বুধবার আরও বাড়ানো হয়েছে।

তবে নতুন প্রস্তাবের নির্দিষ্ট আর্থিক অঙ্ক এখনো প্রকাশ করা হয়নি। এর আগে ভিনিসিয়ুস বছরে ৩ কোটি ইউরো বেতন দাবি করেছিলেন। সর্বশেষ প্রস্তাবে বেতন ও পারফরম্যান্স সংক্রান্ত কিছু শর্তে নমনীয়তা দেখিয়েছে ক্লাবটি। তবে ইমেজ রাইটস ও ব্যক্তিগত বাণিজ্যিক স্বত্ব নিয়ে এখনো সামান্য মতপার্থক্য রয়ে গেছে।

বর্তমানে বছরে ১ কোটি ৭৫ লাখ ইউরো আয় করা এই তারকার চুক্তি নবায়ন নিয়ে দীর্ঘ সময় স্থবিরতা ছিল। তবে বুধবারের বৈঠকের পর তার প্রতিনিধিরা বেশ আশাবাদী। রিয়ালের কিছু শীর্ষ কর্মকর্তা তাকে বিক্রির পক্ষে থাকলেও প্রধান স্কাউট জুনি কালাফাত তাকে দলে রাখতে অনড় অবস্থানে রয়েছেন।

এদিকে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালও ভিনিসিয়ুসকে দলে নিতে আগ্রহী বলে খবর পাওয়া গেছে। আর্সেনাল কোচ মিকেল আর্তেতার সঙ্গে তার প্রতিনিধিদের আলোচনার গুঞ্জন থাকলেও ভিনিসিয়ুসের ঘনিষ্ঠ সূত্র তা অস্বীকার করেছে।

এস এম/ ৬ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language