রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় শিশুসহ ২৬ জনের প্রাণহানি

কিয়েভ, ৪ আগস্ট – রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। গত সোমবার উভয় দেশের বিভিন্ন অঞ্চলে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ১৫ জন রুশ এবং ১১ জন ইউক্রেনীয় নাগরিক বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
রুশ প্রশাসন জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রাশিয়ার ক্রাসনোদার, বেলগোরোদ এবং ক্রিমিয়া উপদ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্রাসনোদার প্রদেশের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ এক বিবৃতিতে জানান, গেলেন্দঝিক জেলার আরখিপো ওসিপোভকা নামক পর্যটনকেন্দ্রে হামলায় তিন শিশুসহ সাতজন প্রাণ হারিয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। একই দিনে ক্রিমিয়া উপদ্বীপে ৪ জন এবং সীমান্তবর্তী বেলগোরোদ প্রদেশে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক প্রদেশের কৃভি রিহ জেলায় রুশ ড্রোন হামলায় একটি পেট্রোল স্টেশন বিধ্বস্ত হয়। এতে এক জরুরি সেবা কর্মী ও তার আট বছর বয়সী শিশুসহ ৩ জন নিহত হন।
দিনিপ্রোপেত্রোভস্কের গভর্নর ওলেক্সান্দর হানঝা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ড্রোন হামলার ফলে পেট্রোল স্টেশনটিতে আগুন ধরে যায় এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া জাপোরিজ্জিয়া প্রদেশে সোমবার রাতে চালানো রুশ হামলায় দুই শিশুসহ আরও আটজন নিহত হয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে বেসামরিক নাগরিকদের মৃত্যুর হার বাড়লেও উভয় দেশই সাধারণ মানুষের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে আসছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ এবং উস্পেনিভকা বসতি দুটি নিয়ন্ত্রণে নিয়েছে।
মূলত ক্রিমিয়া ইস্যু এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রচেষ্টাকে কেন্দ্র করে ২০২২ সালে শুরু হওয়া এই সংঘাত এখনো অব্যাহত রয়েছে।
এনএন/ ৪ আগস্ট ২০২৬









