ইরানে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের

তেহরান, ২০ জুলাই – ইরানের দারখোভিন অঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে দেশটির আণবিক শক্তি সংস্থা। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ তাদের ক্ষমতার দাপট ও আইনহীনতার বহিঃপ্রকাশ।
জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তারা ইতিমধ্যে হামলার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। আল জাজিরায় উদ্ধৃত এক বিবৃতিতে ইরানের আণবিক শক্তি সংস্থা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানায়।
বিবৃতিতে ওয়াশিংটনকে নিপীড়ন ও আইনহীনতার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শনিবার রাতে পরিচালিত এই হামলার প্রধান লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনায় ইসলামি বিপ্লবী গার্ড কোরকে উপযুক্ত শাস্তি প্রদান করা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরমাণু অস্ত্র তৈরিতে ইরানকে বাধা দেওয়াই তাদের মূল লক্ষ্য। ওয়াশিংটন এর আগেও তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী এই কর্মকাণ্ডের বিধ্বংসী জবাব দেওয়ার হুমকি দিয়েছে।
ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে বলেছেন যে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যেকোনো আগ্রাসনের চূড়ান্ত ও কঠোর জবাব দেওয়া হবে।
এস এম/ ২০ জুলাই ২০২৬









