মধ্যপ্রাচ্য

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

তেহরান, ২১ জুলাই – বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি অনুযায়ী, এই বিশেষ অভিযানে একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত আইআরজিসির একটি বিবৃতিতে জানানো হয়, বাহরাইনের মুহাররাক এলাকায় একটি রাডার কেন্দ্র ধ্বংস করা হয়েছে। একই সাথে আল রিফা এলাকায় মোতায়েন করা যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করা হয়।

আইআরজিসি বলছে, ভবিষ্যৎ সামরিক অভিযান পরিচালনা সহজ করতে এবং সংশ্লিষ্ট অঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতা কমিয়ে দিতেই এই হামলা চালানো হয়েছে। তবে ইরানের এই দাবির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পৃথক এক বিবৃতিতে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে জানা যায়, কুয়েতের একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, টেলিযোগাযোগ কেন্দ্র এবং স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়।

আলি আল সালেম বিমানঘাঁটির একটি হ্যাঙ্গারে ড্রোন হামলার মাধ্যমে বেশ কিছু এমকিউ নাইন ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা দাবি করেছে। এছাড়া কুয়েতের আহমেদ আল জাবের ঘাঁটির আগাম সতর্কীকরণ রাডার এবং আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল।

অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কামিকাজে ড্রোন ব্যবহার করে কুয়েতের ক্যাম্প আরিফজান, ক্যাম্প আল আদিরি এবং আহমেদ আল জাবের ঘাঁটির বিভিন্ন কৌশলগত পয়েন্টে আক্রমণ চালিয়েছে।

এস এম/ ২১ জুলাই ২০২৬


Back to top button