কুমিল্লা

তনু হত্যা মামলা: দুই সাবেক সেনাসদস্যের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লা, ২১ জুলাই – কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন মোড় এসেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই সাবেক সেনাসদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন কুমিল্লার একটি আদালত।

কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক গত ১৬ জুলাই এ সংক্রান্ত আদেশ প্রদান করেন। মঙ্গলবার ২১ জুলাই কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত সাবেক দুই সেনাসদস্য হলেন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বী। মামলার তদন্তকারী সংস্থা পিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম তনুর পোশাক থেকে উদ্ধার করা ডিএনএ নমুনার সঙ্গে এই দুইজনের নমুনা মিলিয়ে দেখার জন্য আদালতে আবেদন করেছিলেন। ২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের কাছের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার আহম্মেদ কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘদিন অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মামলার তদন্ত করলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। পরে ২০২০ সালে মামলার দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। তনু হত্যাকাণ্ডের বিচার দাবিতে দেশজুড়ে ব্যাপক আন্দোলন হয়েছিল। দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো এই ঘটনার বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএন/ ২১ জুলাই ২০২৬


Back to top button