আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের রেফারি চূড়ান্ত, দায়িত্বে ইসমায়েল এলফাত

লন্ডন, ১৪ জুলাই – বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলোতে রেফারিং নিয়ে আলোচনা ও বিতর্কের পর ফুটবলপ্রেমীদের বিশেষ দৃষ্টি ছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচের ওপর। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচের কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে ফিফা।
বুধবার আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম সেমিফাইনালে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমায়েল এলফাত। মাঠে তাকে সহায়তা করবেন তারই স্বদেশি সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস।
চতুর্থ রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে ইতালির মাউরিজিও মারিয়ানিকে এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দানিয়েলে বিনদোনি। ৪৪ বছর বয়সী মরক্কো বংশোদ্ভূত ইসমায়েল এলফাত চলতি বিশ্বকাপেও বেশ কয়েকটি ম্যাচ পরিচালনা করেছেন।
গ্রুপ পর্বে নেদারল্যান্ডস বনাম জাপান এবং উরুগুয়ে বনাম স্পেন ম্যাচের পর শেষ ষোলোর ব্রাজিল ও নরওয়ে ম্যাচেও তিনি প্রধান রেফারির দায়িত্বে ছিলেন। এবারের আসরে এখন পর্যন্ত মোট ৮টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ড দেখিয়েছেন তিনি।
উল্লেখ্য যে, স্পেনের বিপক্ষে ম্যাচে বিপজ্জনক ট্যাকলের জন্য উরুগুয়ের অগুস্তিন কানোবিওকে লাল কার্ড দেখিয়েছিলেন এলফাত। ২০০১ সালে মরক্কো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এই রেফারি ২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগ এমএলএসে নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন।
২০১৬ সালে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি লাভ করেন। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও তিনি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। উত্তর আমেরিকার অন্যতম সেরা এই রেফারি দুইবার এমএলএসের বর্ষসেরা রেফারির পুরস্কারও অর্জন করেছেন।
এস এম/ ১৪ জুলাই ২০২৬









