টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত, বিপাকে আমদানিকারকরা

চট্টগ্রাম, ১৪ জুলাই – এক সপ্তাহেরও বেশি সময় ধরে টানা বৃষ্টির কারণে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে আমদানি ও রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই সময়ের মধ্যে বন্দরের জেটিতে পণ্য ওঠানো এবং নামানোর পাশাপাশি সরবরাহে ধীরগতি দেখা দেয়ায় ইয়ার্ড ও শেডগুলোতে বিপুল পরিমাণ পণ্য আটকা পড়েছে।
বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজগুলো থেকে পণ্য খালাস কয়েকদিন বন্ধ থাকায় সেখানে প্রায় ৬০টিরও বেশি মাদার ভেসেল অলস বসে রয়েছে। বর্তমানে এসব জাহাজে খালাসের অপেক্ষায় প্রায় ২০ লাখ টন পণ্য পড়ে আছে। বন্দরের ভেতরে ও বেসরকারি ডিপোতে বৃষ্টির কারণে পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
তারা একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের দাবি জানিয়েছেন। ব্যবসায়ীদের মতে পণ্য হ্যান্ডলিং ব্যাহত হওয়া এবং পানিতে পণ্য নষ্ট হওয়ার ফলে তারা বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে বর্তমানে বৃষ্টি কমে আসায় বন্দরের কার্যক্রমে স্থবিরতা কাটতে শুরু করেছে। এরই মধ্যে বহির্নোঙরে পণ্য খালাস শুরু হয়েছে এবং জেটিতেও কাজের গতি বেড়েছে। চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানান যে বৃষ্টির কারণে হ্যান্ডলিং কার্যক্রম স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়েছে।
জেটি ও বহির্নোঙরে পণ্য আটকে থাকায় আমদানিকারক ও রপ্তানিকারকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত ৫ জুলাই রবিবার থেকে শুরু হওয়া এই বৈরি আবহাওয়ার ধকল কাটিয়ে বন্দর এখন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।
এস এম/ ১৪ জুলাই ২০২৬









