চট্টগ্রাম

চট্টগ্রামে বন্যায় ৪ লাখ মানুষ পানিবন্দি, উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী

চট্টগ্রাম, ১১ জুলাই – চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় জেলার সাতটি উপজেলার অন্তত ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে।

শুক্রবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাদুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছেন। চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা বন্যায় ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এসব এলাকায় মানবিক সংকট মোকাবিলায় ১০ পদাতিক ডিভিশনের উদ্ধারকারী দল প্রয়োজনীয় সরঞ্জামসহ মোতায়েন করা হয়েছে।

অপরদিকে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করায় সেখানে ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা কাজ করছেন। দুর্গতদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ত্রাণ বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল করতে সেনাবাহিনী ইতোমধ্যে তিনটি ক্যাম্প স্থাপন করেছে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জানমাল রক্ষায় সেনাবাহিনীর এই তৎপরতা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

এনএন/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language