তৃণমূলের ৪৪০ কোটি রুপি ফ্রিজ করল ইডি: অবৈধ লেনদেনের অভিযোগ

কলকাতা, ৯ জুলাই – ভারতের অর্থনৈতিক গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ব্যাংক হিসাবে থাকা ৪৪০ কোটি রুপি ফ্রিজ করেছে।
কেয়ারওয়েল এভিয়েশন নামের একটি বিমান পরিষেবা সংস্থার সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ ও রাজারহাটসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানোর পর ইডি এই সিদ্ধান্ত গ্রহণ করে।
তদন্তকারী কর্মকর্তাদের দাবি, জব্দ করা হিসাব থেকে প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। জানা গেছে, তৃণমূলের দলীয় তহবিল থেকে দেওয়া অর্থ ব্যবহার করে কেয়ারওয়েল এভিয়েশন একটি বিমান এবং একটি হেলিকপ্টার কেনে, যা পরবর্তীতে তৃণমূলের শীর্ষ নেতাদের ভাড়ায় ব্যবহারের জন্য দেওয়া হত।
ভারতের আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ইডি জানিয়েছে। তবে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের সমস্ত আর্থিক লেনদেন স্বচ্ছ এবং সে বিষয়ে নির্বাচন কমিশন ও আয়কর বিভাগকে নিয়মিত তথ্য দেওয়া হয়। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য তদন্ত সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
এস এম/ ৯ জুলাই ২০২৬









