বিটিভি ও সংসদ টিভিতে আনুপাতিক হারে সংবাদ প্রচারের নির্দেশ

ঢাকা, ২৫ আগস্ট – বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সংসদ টেলিভিশনে সরকার এবং বিরোধীদলের খবর আনুপাতিক হারে প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন যে বিটিভি ও সংসদ টিভিতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নির্দিষ্ট অনুপাত বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। বর্তমান সময়ে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন যে দেশের সংবাদমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে।
তিনি আরও উল্লেখ করেন যে বিগত ছয় মাসে সংবাদ প্রকাশের বিষয়ে কোনো গোয়েন্দা সংস্থা থেকে গণমাধ্যমে কোনো ধরনের ফোন বা হস্তক্ষেপ করা হয়নি।
ইয়াসের খান চৌধুরী দাবি করেন যে গত ছয় মাসে দেশে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তবে রাষ্ট্রদ্রোহমূলক সংবাদ প্রচার করার বিষয়ে তিনি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
এস এম/ ২৫ আগস্ট ২০২৬









