জাতীয়

চলতি অর্থবছরেই ৫ স্তরের স্থানীয় সরকার নির্বাচন, বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

ঢাকা, ২৫ আগস্ট – চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। পরবর্তীতে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনের সাথে বৈঠক করা হবে। তিনি আরও জানান যে নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন এবং তাদের সাথে আলোচনার পরই মন্ত্রণালয় বিস্তারিত ব্রিফিং করবে।

বৈঠকে পানি সরবরাহে ডেনমার্কের সহায়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। প্রতিমন্ত্রী জানান যে রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্ক সহযোগিতা প্রদান করবে। বিশেষ করে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ শেষ করতে দেশটি সহায়তা দেবে।

১৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে ডেনমার্ক ৪ হাজার ৫০০ কোটি টাকা প্রদান করবে যার মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান হিসেবে পাওয়া যাবে। বাকি ৩ হাজার কোটি টাকা সহজ শর্তে পরবর্তী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধযোগ্য হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা প্রদান করবে বলেও প্রতিমন্ত্রী জানান।

এস এম/ ২৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language