জাতীয়

রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘের আরও জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ

শামা ওবায়েদ

ঢাকা,২৪ অক্টোবর- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও টেকসইভাবে ফিরিয়ে নেওয়া নিশ্চিত করতে জাতিসংঘের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

শনিবার ঢাকার একটি হোটেলে ‘জোনটা ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ২৫’ এবং বাংলাদেশের ‘জোনটা ক্লাবসমূহ’ আয়োজিত জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে কার্যকর জাতিসংঘ ও শক্তিশালী আন্তর্জাতিক সংহতি অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুপাক্ষিকতাকে এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা আবারও তুলে ধরেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ—উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণসহ জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে চলমান ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের গঠনমূলক অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি। সংলাপের পরিবেশ তৈরি, ঐকমত্য গড়ে তোলা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার বিষয়েও আলোকপাত করেন প্রতিমন্ত্রী।

‘টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা’ বাস্তবায়নে বাংলাদেশের ধারাবাহিক প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে এগিয়ে চলা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নির্ভরযোগ্য আন্তর্জাতিক সহায়তা, সাশ্রয়ী অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বাজারে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নারীর ক্ষমতায়নের বিষয়ে প্রতিমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা, ডিজিটাল হয়রানি এবং সমান সুযোগ পাওয়ার পথে থাকা বাধাগুলো দূর করার ওপর গুরুত্ব দেন তিনি।

‘জাতিসংঘ নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডাকে এগিয়ে নিতে সম্প্রতি শুরু হওয়া ‘ঢাকা সংলাপ’-এর মতো উদ্যোগগুলোর গুরুত্বও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

এস এম/ ২৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language