জাতীয়

ইমাম-আলেমদের জন্য রক্ত দিতেও পিছপা হবেন না, বললেন ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী

ঢাকা,২৪ অক্টোবর-ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, ইসলামের ধারক-বাহক ইমাম ও আলেমদের জন্য রক্ত দিতে হলেও তিনি পিছপা হবেন না।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, এ দেশের ইমাম-আলেম ও কওমি ওলামায়ে কেরাম, যারা ইসলামের ধারক-বাহক, তাঁদের জন্য যদি নিজের শরীরের রক্ত দিতে হয়, তাহলে তিনি রক্ত দেবেন এবং এ বিষয়ে কোনো দ্বিধা করবেন না, ইনশাআল্লাহ।

অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাদ্রাসায় যৌন নিপীড়ন ও অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে কেউ যাতে উসকানি দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

একই সঙ্গে জুমার খুতবায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিতে ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। সমাজে ইমামদের গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করে এসব অপরাধ প্রতিরোধে তাঁদের ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন ধর্মমন্ত্রী।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নেতারা ইমামদের বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

এস এম/ ২৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language