এশিয়া

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়তে সেনাদের প্রশিক্ষণ জোরদারের নির্দেশ কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

পিয়ংইয়ং, ২৪ অক্টোবর-বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে সেনাদের প্রশিক্ষণ জোরদার করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

পিয়ংইয়ংয়ে দুই দিনব্যাপী কোম্পানি কমান্ডারদের এক সম্মেলনে তিনি এই নির্দেশ দেন।

শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কিমের এই আহ্বান এমন এক সময়ে এসেছে, যখন আন্তঃকোরীয় সম্পর্কের আরও অবনতি হয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সীমান্ত পরিস্থিতি স্পষ্ট করতে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়।

এর আগে, ব্যাপক সামরিক নিরাপত্তাবেষ্টিত অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) একটি বিস্ফোরণের ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের অবসান হয়েছিল যুদ্ধবিরতির মাধ্যমে, কোনো শান্তিচুক্তির মধ্য দিয়ে নয়। ফলে দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এই সম্মেলনের লক্ষ্য ছিল ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রশিক্ষণ পরিকল্পনা’ তৈরি করা।

কিম আরও বলেন, উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিটি কোম্পানিকে সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে শক্তিশালী এবং দক্ষ এলিট ইউনিটে পরিণত করতে হবে। পাশাপাশি এসব ইউনিটকে পূর্ণাঙ্গ যুদ্ধক্ষমতাসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।

কেসিএনএ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ক্ষমতাসীন দলের কংগ্রেসের পর পুরো সেনাবাহিনীর প্রতিনিধিদের নিয়ে এটিই ছিল প্রথম এ ধরনের সমাবেশ।

ওই কংগ্রেসে কিম প্রচলিত সামরিক শক্তি আরও বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনাও আবার তুলে ধরেন।

উত্তর কোরিয়া সম্প্রতি একের পর এক নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ‘নতুন ধরনের’ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম টর্পেডো ব্যবস্থা এবং মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। দেশটির দাবি, উভয় অস্ত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

জাতিসংঘের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া আইনগতভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

দেশটির সরকার বারবার ঘোষণা দিয়েছে, তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার স্থায়ী এবং এই অবস্থান থেকে তারা সরে আসবে না।

এস এম/ ২৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language