জাতীয়

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ঢাকা, ২৫ আগস্ট – পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব সদর দপ্তর থেকে জানানো হয়েছে যে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়াতে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে র‍্যাব সদস্যদের পাশাপাশি ঝুঁকি বিবেচনায় পূর্ব থেকেই স্কেলিটন ফোর্স মোতায়েন রাখা হবে। এই নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় মসজিদের ইমাম, সামাজিক ও নাগরিক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করা হয়েছে।

কোনো স্বার্থান্বেষী মহল যেন নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি উসকানিমূলক কর্মকাণ্ড রোধে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপপ্রচার বা গুজব রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে দেশবাসীকে শান্তিপূর্ণ পরিবেশে দিনটি উদযাপনের আহ্বান জানিয়ে যেকোনো সন্দেহজনক বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।

এস এম/ ২৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language