জাতীয়

এনআইডি সংশোধন: প্রধান কার্যালয়ে শুধু ‘ঘ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি হবে

ঢাকা, ৬ জুলাই – জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। এখন থেকে কমিশনের প্রধান কার্যালয়ে শুধুমাত্র ঘ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তি করা হবে। অন্যান্য ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব মাঠপর্যায়ের কর্মকর্তাদের ওপর ন্যস্ত করা হয়েছে।

সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ক-১, ক, খ-১, খ, গ-১ এবং গ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

এসব ক্যাটাগরির আবেদন এখন থেকে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা নিষ্পত্তি করবেন। সিদ্ধান্ত অনুযায়ী, ক-১ ক্যাটাগরির আবেদন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ক ক্যাটাগরির আবেদন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।

খ-১ ক্যাটাগরির ক্ষেত্রে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং খ ক্যাটাগরির জন্য জেলা নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া গ-১ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং গ ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা নিষ্পত্তি করবেন। অনলাইনে আবেদনযোগ্য বিষয়গুলোর ক্ষেত্রে কোনো হার্ডকপি গ্রহণ করা হবে না বলেও চিঠিতে স্পষ্ট করা হয়েছে।

এস এম/ ৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language