চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন

চট্টগ্রাম, ৯ জুন – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের স্যাটেলাইটভিত্তিক তথ্য সরাসরি সংগ্রহ ও বিশ্লেষণের এক নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ।
মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এই স্টেশনটির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন যে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রকল্পের লক্ষ্য পূরণে প্রয়োজনীয় বিদ্যুৎ ও উচ্চগতির ইন্টারনেটসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
তিনি জানান যে সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং উপকূলীয় উন্নয়নে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জেলে ও সমুদ্রগামী জাহাজগুলো আবহাওয়া সংক্রান্ত তথ্য ব্যবহার করে ঝুঁকি কমাতে পারবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এই দিনটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন।
তিনি জানান যে চীনের অর্থায়নে বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি অনন্য স্যাটেলাইট স্টেশন স্থাপিত হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরা সমুদ্র ও মৎস্যসম্পদ সংক্রান্ত রিয়েল টাইম তথ্য পাওয়ার সুযোগ পাবেন।
প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে প্রায় ৪২০ টেরাবাইট তথ্য সংরক্ষণ সক্ষমতাসম্পন্ন এই স্টেশনটি বিশ্বের ১১টি স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ করবে। এর ফলে তথ্য সংগ্রহের সময় ২০ থেকে ৩০ ঘণ্টার পরিবর্তে মাত্র ১৫ থেকে ২০ মিনিটে নেমে আসবে।
গত বছরের ২৬ মার্চ শুরু হওয়া এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৭০ কোটি টাকা। যার মধ্যে ৫০ কোটি টাকা দিয়েছে চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি এবং বাকি ২০ কোটি টাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থায়ন করেছে।
এস এম/ ৯ জুন ২০২৬









