চট্টগ্রাম

লোহাগাড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

চট্টগ্রাম, ৯ জুন – চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি সংবলিত একটি ব্যানারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। তারা সবাই ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন চিকিৎসকের চেম্বারে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা বিভিন্ন ব্যানার ও পতাকা টানিয়েছেন। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির একটি ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকেরা আপত্তি জানান এবং ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি তোলেন।

তবে দাবি পূরণ না হওয়ায় গত রোববার গভীর রাতে আর্জেন্টিনা সমর্থকদের একটি পক্ষ ব্যানারটি খুলে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। ঘটনার পর রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করা হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, ব্যানার নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পুলিশ পেয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে বলে জানা গেছে।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language