মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে ১৫ বছরের পুরনো ময়লার স্তূপ অপসারণ কার্যক্রম শুরু

মুন্সীগঞ্জ, ৮ জুন – মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়ায় দীর্ঘ ১৫ বছর ধরে জমে থাকা বিশাল ময়লার স্তূপ অপসারণের কাজ শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবেশ দূষণ রোধ এবং জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘ দেড় দশক ধরে এই স্থানে ময়লা ফেলার ফলে এলাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণ চরম আকার ধারণ করেছিল।

এর ফলে স্থানীয়রা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে ছিলেন। ইতিপূর্বে একাধিকবার এই সমস্যা সমাধানের দাবি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অবশেষে প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে সন্তোষ লক্ষ্য করা গেছে। স্থানীয়রা আশা করছেন, ময়লা অপসারণের পর ভবিষ্যতে যাতে এখানে পুনরায় বর্জ্য ফেলা না হয়, সে ব্যাপারেও প্রশাসন কঠোর নজরদারি বজায় রাখবে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language