মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

তেহরান, ১২ আগস্ট – হরমুজ প্রণালিতে ওমান উপসাগর থেকে ইরানের দিকে যাত্রাকারী একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, জাহাজটি ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেশটির বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার থেকে পানামার পতাকাবাহী ভেলা নোভা নামক কার্গো জাহাজটিতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। জাহাজটি ওমান উপসাগর অতিক্রম করে একটি ইরানি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল বলে সেন্টকম দাবি করেছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, হামলাটি মূলত জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে চালানো হয়েছিল যার ফলে জাহাজটি অচল হয়ে পড়ে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, সংশ্লিষ্ট জাহাজের নাবিকেরা তাদের দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে অগ্রসর হচ্ছিলেন। তবে এই হামলায় কোনো নাবিক আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটল। গত জুন মাসে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও পরবর্তীতে তা অকার্যকর হয়ে পড়ে। এর ফলে যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে।

সেন্টকমের মঙ্গলবার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, অবরোধ চলাকালে মার্কিন বাহিনী এ পর্যন্ত ৫৫টি বাণিজ্যিক জাহাজ অচল এবং দুটি জাহাজ জব্দ করেছে। এই সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথগুলোতে বাণিজ্যিক জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এনএন/ ১২ আগস্ট ২০২৬


Back to top button