বাশার আল-আসাদ ও তার ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ

দামেস্ক, ১১ আগস্ট – সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ভাই মাহের আল-আসাদ এবং চাচাতো ভাই আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড প্রদান করেছে দেশটির একটি আদালত। প্রায় চৌদ্দ বছর ধরে চলা যুদ্ধকালীন অপরাধের বিচার প্রক্রিয়া শেষে দামেস্কের ফৌজদারি আদালত মঙ্গলবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করে।
২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে রাশিয়ায় নির্বাসিত থাকা বাশার আল-আসাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলায় তার অনুপস্থিতিতেই এই রায় কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একই ধরনের অপরাধে তার ছোট ভাই মাহের আল-আসাদকেও অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে রাজনৈতিক নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আতেফ নাজিবকে সশরীরে আদালতে উপস্থিত করে এই দণ্ডাদেশ শোনানো হয়। গত বছরের জানুয়ারি মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০১১ সালে দ্রা প্রদেশে আন্দোলনকারীদের ওপর তার পরিচালিত নির্মম দমন-পীড়ন পরবর্তীতে দেশজুড়ে গৃহযুদ্ধের সূত্রপাত করেছিল বলে আদালতে প্রমাণিত হয়েছে।
নাজিবের বিরুদ্ধে শিশু হত্যা এবং নির্যাতনের মাধ্যমে প্রাণহানির মতো সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আদালতের বিচারক আল-আরিয়ান জানান, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী বাশার আল-আসাদ রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী হিসেবে এসব অপরাধে নেতৃত্ব দিয়েছিলেন।
এস এম/ ১১ আগস্ট ২০২৬









