মধ্যপ্রাচ্য

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান হলেন মোহসেন রেজাই

তেহরান, ১০ আগস্ট – ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হরমুজ প্রণালি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রেক্ষাপটে রেজাই এই নতুন দায়িত্ব গ্রহণ করলেন।

দীর্ঘ সময় ধরে তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথকে পশ্চিমা দেশগুলোর ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে ব্যবহার করে আসছে। রেজাই এমন এক সময়ে দায়িত্ব নিলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অনিশ্চয়তার মুখে রয়েছে এবং ইরানের সার্বভৌমত্ব ও অবরোধ নিয়ে বিরোধ আরও তীব্র হয়েছে। তিনি মোহাম্মদ বাঘের জোলঘাদরের স্থলাভিষিক্ত হয়েছেন।

জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে এই পদে থাকা আলী লারিজানি গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান। ৭১ বছর বয়সী মোহসেন রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার এই দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কারণে তাকে ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের যোগাযোগ দপ্তর থেকে রবিবার সন্ধ্যায় এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতাও তাকে কাউন্সিলে নিজের প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন।

বিশ্লেষকদের মতে রেজাইয়ের সামরিক ও রাজনৈতিক অভিজ্ঞতা ইরানের অভ্যন্তরীণ সমন্বয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দরকষাকষিতে অত্যন্ত সহায়ক হতে পারে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যুতে রেজাইয়ের কট্টর অবস্থান এবং পশ্চিমা অবরোধের বিরুদ্ধে তার কঠোর হুঁশিয়ারি বৈশ্বিক জ্বালানি বাজারেও বিশেষ গুরুত্ব বহন করে।

এস এম/ ১০ আগস্ট ২০২৬


Back to top button